
আয়ারল্যান্ডে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়ারল্যান্ড শাখা।
গত ১০ নভেম্বর কার্লোর উডফোর্ড ডলমেন হোটেলের বলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমবেত হন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর উপস্থিত সকল নেতাকর্মী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন। আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসিরের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান হোসেন উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভূতপূর্ব ঐক্য ও বিপ্লবের মাধ্যমে তৎকালীন জেনারেল জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনায় আনা হয়েছিল। ভঙ্গুর অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিলেন। ১৯৭১ সালে "উই রিভোল্ট" বলে স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই জননায়কের ওপর সেদিন দেশের সিপাহী ও সর্বস্তরের জনগণ আস্থা রেখেছিল।
বক্তারা আরও উল্লেখ করেন, ৭ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ ঘটেছিল, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে এরশাদ সরকারের পতন ঘটে। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ যখনই ফ্যাসিবাদের কবলে পড়েছে, বিএনপি ও জিয়া পরিবারই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। নতুন প্রজন্মের কাছে এই বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে জনাব হামিদুল নাসির বলেন, "দেশে-বিদেশে ফ্যাসিবাদের দোসররা এখনো নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই বিএনপি-র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
সভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ও দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সানা মিয়া, আক্তার হোসেন রকি, আরশাদ হোসেন এমাদ, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম শাহীন, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, জনাবা ফারজানা জেসমিন পলি, মোহাম্মদ কামরুজ্জামান, ওয়াসিব আলী শাউন, আরিফা পারভিন, জসিম উদ্দিন, আতিকুর শহিদ মাদুর, আব্দুর রহিম ভূঁইয়া, মীর মোহাম্মদ হাবিবুর রহমান, আনোয়ারুল হক আনোয়ার, সাকের আহমেদ আরিফ, মনিরুল ইসলাম মনির, জাকারিয়া প্রধান, কবির আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

