
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সোনার গহনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। তার আগেও ৬ নভেম্বর একই পরিমাণ দাম কমায় বাজুস। অর্থাৎ দুই দফায় টানা স্বর্ণের দাম কমানোর পর বৃহস্পতিবার আবারও নতুন করে দাম কমানো হলো।
তবে এর আগে ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম বেড়েছিল মোট ১২ হাজার ৭২ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

