ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সপ্তাহের শেষ কর্মদিবসের পাঁচালি 

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৬, ১২:০৭

বৃহস্পতিবারের সকাল মানেই সপ্তাহের শেষ প্রান্তে পৌঁছে হাত ওপরে তুলে আলস‍্য ছেড়ে…যাক বাবা এসপ্তাহটাও গেলো—এবার দুদিনের ছুটির পরিকল্পনা…কে কোথায় যাবেন, কী করবেন, তার হিসাব নিশ্চয়ই অনেকের মাথায় ঘুরছে। কিন্তু রাষ্ট্র? কিংবা সেই মানুষটি যার কাজ এ সপ্তাহেও হলো না—তার জন‍্যে একরাশ হতাশা!

তবে ঢাকার আকাশ যেমন মেঘে ঢাকা তেমনি ছুটির আমেজের চেয়ে আজ রাজনীতির উত্তাপই বেশি। কার্তিকের সাতাশ তারিখে শহরের কংক্রিটের দেয়ালগুলো যেন নানা প্রশ্নের প্রতিধ্বনি ফিরিয়ে দিচ্ছে। তুরস্কের আনাতোলিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় আমাদের কথা বলছেন। দেশে আট লাখ সত্তর হাজার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে পাঁচ হাজার পাঁচ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। কাজটা এত সহজ নয়- বেশ বড়! একদিকে ভবিষ্যতের পরিচ্ছন্ন জ্বালানির স্বপ্ন, অন্যদিকে সাভার-আশুলিয়া থেকে গাজীপুর পর্যন্ত পোশাকশ্রমিকদের মজুরি ও জীবিকার দাবিতে অসন্তোষ। পরিস্থিতি সামাল দিতে বারো প্লাটুন বিজিবি মোতায়েনের খবরও এসেছে। ওদিকে জাতীয় সংসদের আলোচনায় সারের ডিলার নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিতর্ক, বাইরে রাজনৈতিক উত্তেজনা, কোথাও ককটেল, কোথাও অগ্নিসংযোগ। এরই মাঝে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার খবরের রেশ কাটতে না কাটতেই এনসিপির সংরক্ষিত আসনের এমপির গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার খবর উদ্বেগ বাড়িয়েছে। এসব ঘটনা মনে করিয়ে দেয়, রাজনীতির উত্তাপ যখন সাধারণ মানুষের উঠোনে পৌঁছে যায়, তখন তার মাশুল সবাইকে দিতে হয়। এরপরে রাজনীতির নামে এই দুবৃত্তপনাকে ঠান্ডা করতে রাষ্ট্র যখন শক্ত ব‍্যবস্থা নিবে সুশীলরা আবার অধিকার কপচাতে আসেন না যেন। কই এখন তো কারো মুখে কোনো বুলি নেই- ককটেল থামাও, বাস পুড়িও না, প্রতিপক্ষের বাড়িতে হামলা করিওনা; চব্বিশের লোকেরা একবার নেমে গেলে কিন্তু গাছে উঠেও তখন বাঁচতে পারবে না।

একদিকে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, অথচ আগে লুট হওয়া ১ হাজার ৩০৯টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। মনে পরে যায়, বাকশাল শাসনের পরে জিয়ার আমলে অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশনের কথা। তখন আর কয়টা পুলিশ ছিলো…আমার দু’বাড়ি পরে পুকুর সেঁচে অনেক অস্ত্র উদ্ধার হয়েছিল। আমাদের শিক্ষিত পুলিশরা কি এসব পারবেন? যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভিযান চলাকালে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে। অন‍্যদিকে জাল দলিলের কারসাজিতে সরকারি ১৯৪টি প্লট দখলের অভিযোগে শমসের আলীর নাম আবার সংবাদপত্রের পাতায়। অন্যদিকে সংসদে মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাইয়ের যে তথ্য এসেছে, তাতে ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল হয়েছে এবং এরপরে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা রইলো ২ লাখ ৬ হাজার ৫৩৬। এটাও কিন্তু বিশাল সংখ‍্যা, কেননা ১৯৭১ সালের মুজিবনগর সরকারের নথিপত্র অনুসারে প্রকৃত মুক্তিযোদ্ধার আনুমানিক সংখ‍্যা ছিল ১ লাখ থেকে ১ লাখ ৭৫ হাজারের মধ্যে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করা জরুরি, তবে যাচাইয়ের নামে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা যেন অসম্মানিত বা বঞ্চিত না হন, সেটিও দেখতে হবে, আবার ভূয়া মুক্তিযোদ্ধাকে ভাতা দেয়া যাবে না। ইতিহাসের সঙ্গে প্রতারণা যেমন অপরাধ, ইতিহাসের প্রকৃত সন্তানদের অধিকার কেড়ে নেওয়াও তেমনি অন্যায়। এরই মধ্যে ১৬ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। নির্বাচন হোক, প্রতিযোগিতা হোক, কিন্তু মানুষের নিরাপত্তা যেন কোনো রাজনৈতিক হিসাবের কাছে জিম্মি না হয়।

আজকের সম্পাদকীয় পাতায় অর্থনীতির দুটি পুরোনো অথচ অমীমাংসিত প্রশ্ন আবার সামনে এসেছে—উচ্চ মূল্যস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির চাপ এবং অপরাধের জবাবদিহি নিয়ে জাতিসংঘের উদ্বেগ। মানুষের আয় যদি বাজারদরের সঙ্গে তাল রাখতে না পারে, তবে প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে সংসারের হাঁড়ি চড়ানো যায় না। সাভার-আশুলিয়ার শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে ওএমএসের চালের উদ্যোগ তাই সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়; প্রয়োজন ন্যায্য মজুরি ও কাজের নিশ্চয়তা। একই সঙ্গে ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি এবং উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য গোলাগুলির ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নিরাপত্তার ঘাটতি কত বিচিত্র পথে মানুষের জীবন কেড়ে নেয়। মুক্তিযোদ্ধাদের সম্মান, শ্রমিকের মজুরি, সড়কে মানুষের প্রাণ কিংবা অপরাধের বিচার—সবই রাষ্ট্রের দায়িত্বের আলাদা আলাদা অধ্যায়। এদিকে বিমানযাত্রীদের সেবার মান, কেবিনের পরিচ্ছন্নতা ও ভাড়া পুনর্বিবেচনার জন্য বেবিচকের নির্দেশও এসেছে। যাত্রী টিকিট কেনেন, কারও দয়া নিতে যান না। সেবার মান ও ভাড়ার মধ্যে ন্যায্য সম্পর্ক থাকা উচিত। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা প্রযুক্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কূটনীতির সাফল্য শেষ পর্যন্ত মাপা হবে দেশের মানুষের জন্য কতটা বাস্তব সুফল আনা গেল, সেই হিসাবেই।

দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বপানে তাকালেও শান্তির দেখা মেলা ভার। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আরও ঘনীভূত হচ্ছে; ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দুই হাজার কিলোমিটারের স্বেচ্ছা সীমা তুলে নেওয়ায় ইউরোপের পাঁচটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন সরাসরি নিশানায়। লোহিত সাগরের তীরে ইয়েমেনের হুতিরা তাইজ ও এডেন দখলের বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে, আর কপ সম্মেলনে বিশ্বনেতারা সতর্ক করছেন যেন যুদ্ধের ডামাডোলে জলবায়ু সংকট থেকে দৃষ্টি সরে না যায়।

সেখানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুতায়ন বাড়াতে বছরে ১৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার এসেছে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই আলোচনা সরাসরি জীবনের সঙ্গে সম্পর্কিত। উপকূলের ভাঙন, কৃষির ক্ষতি, অনিয়মিত বৃষ্টি কিংবা জ্বালানির বাড়তি ব্যয়—কোনোটিই সম্মেলনের আলোচনার বাইরে থাকা উচিত নয়। আজকের পৃথিবীটাও যেন তেমনি এক বিশাল রঙ্গমঞ্চ—যেখানে ক্ষমতা, ক্ষেপণাস্ত্র আর অর্থনীতির জটিল সমীকরণে সাধারণ মানুষ কেবলই দর্শক। একদিকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর হিসাব, অন্যদিকে জলবায়ু সম্মেলনে পৃথিবী বাঁচানোর প্রতিশ্রুতি—মানুষের সভ্যতা যেন একই সঙ্গে নিজের ঘর সাজাচ্ছে, আবার নিজের ঘরেই আগুন ধরাচ্ছে। যুদ্ধের খরচ শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই দিতে হয়, আর জলবায়ু বিপর্যয়ের ক্ষতিও সবচেয়ে বেশি বহন করে দরিদ্র দেশগুলো।

‘বাঙালির কাণ্ডকারখানা বড় আজব!’ বাইরে যখন বিশ্বনেতারা যুদ্ধের দামামা আর জলবায়ু পরিবর্তনের গম্ভীর তত্ত্বে মগ্ন, তখন শহরের কোলাহল ছেড়ে ডেমরার ধিতপুরে ফোটা ভিয়েতনামের বিরল ব্লুবেল ফুলের ছবি আলোচনায়! শহরের ধুলো, রাজনৈতিক উত্তাপ আর নিত্যদিনের দুশ্চিন্তার বাইরে ফুলটির নীল সৌন্দর্য যেন প্রকৃতির পক্ষ থেকে পাঠানো ছোট্ট একটি চিঠি। তার চেয়েও ঢের বেশি আলোচিত রাজনীতির রঙমহল। সবকিছু ছাপিয়ে মানুষ চায় একটু শান্তিতে নিঃশ্বাস নিতে, চায় রুটি-রুজির নিশ্চয়তা; কিন্তু দিনশেষে খবরের শিরোনামে থাকে ভাঙচুর, পাল্টাপাল্টি চ্যালেঞ্জ আর অনাস্থার বিষবাষ্প। এই যে বৃহস্পতিবারের শেষবেলায় এসেও আমরা হাঁপিয়ে উঠি, তা কি শুধুই রাষ্ট্রযন্ত্রের জটিল কলকব্জার দোষ, নাকি আমাদের মনের ভেতরের চিরকালীন অস্থিরতা? আজকেও চারপাশটা কেমন তেমনি এক অদ্ভুত ট্র্যাজিক কমেডি হয়ে দাঁড়িয়েছে।

দ্বিপ্রহর যখন ঘনায়মান এরুম ওরুম হয়ে কোথাও বসে চায়ের কাপে চুমুক দিয়ে মনের কোণে কি প্রশ্ন জাগে—রাষ্ট্র তো মস্ত বড় একটা সিন্দুক, তার ভেতর থেকে রত্ন বেরোবে নাকি শুধু উইপোকারা কুরে কুরে সব শেষ করবে? গ্লোবাল রুফটপ সোলার প্যাক বা কূটনীতির মারপ্যাঁচ ছাপিয়ে দিনশেষে সাধারণ মানুষের সহজ চাওয়াটা বড় ছোট: একটু নিরাপত্তা, একটু ভাত, আর মিথ্যে আশ্বাসের বদলে সত্যিকারের শান্তির রাত। পরিশেষে খুব সাদামাটা একটি কথা—যন্ত্র যেমনই হোক না কেন, মানুষের মনকে তো আর সোলারের আলো দিয়ে রিচার্জ করা যায় না; তার জন্য দরকার কেবল একটু সহমর্মিতা আর সুস্থ বিবেক।

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস: একা থাকা মানেই অসম্পূর্ণ জীবন নয়

১১ নভেম্বর বিশ্বজুড়ে দিনটি পরিচিত আন্তর্জাতিক সিঙ্গেল দিবস বা ‘সিঙ্গেলস ডে’ হিসেবে। দিনটি ঘিরে রয়েছে

 অস্থিরতার মেঘ কাটুক, মানুষের জীবনে ফিরুক স্বস্তি

প্রভাতেই ঢাকার আকাশে গুমগুম শব্দ। মনে হচ্ছে, বৃষ্টি মহাশয়ের আগমন ঘটতে যাচ্ছে। মেঘের এই ডাক

গণতন্ত্রের স্মৃতি, ক্ষমতার কারবার আর সাধারণ মানুষের হিসাব

ক্যালেন্ডারের পাতায় আজ ২৫ কার্তিক। হেমন্তের সকাল যেন এক অদ্ভুত হিসাবরক্ষক—প্রকৃতির খাতায় সোনালি ধানের প্রাপ্তি

রাষ্ট্রযন্ত্রের মেরামত, নাগরিকের মর্যাদা ও বারুদের পৃথিবীতে শান্তির সন্ধান

কার্তিকের শেষাশেষি গাঁ-গেরামে এখন সোনা সোনা ধানের গন্ধে বাতাস ভারী। চাষিবৌয়ের হাতের নতুন চালের পিঠার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম