
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর। সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে চতুর্থ বিষয় এ হিসাবের বাইরে থাকবে।
আবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশিত সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম পূরণ (ইএফএফ) করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। ফি জমার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রিন্ট করার সুযোগ চালু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি কত
সাপ্লিমেন্টারি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পত্র বা বিষয়ের তত্ত্বীয় পরীক্ষার ফি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার ফি প্রতি পত্র বা বিষয়ে ২৫ টাকা। এছাড়া পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার প্রয়োজনীয় ফি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীর ফি গ্রহণ করা হবে না।
কোন সিলেবাসে পরীক্ষা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।
পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমার যাবতীয় কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

