
আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিলো আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে আর একটি দল। সেই স্থানের জন্য লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এজন্য তাদের হাতে সময় আর দেড় মাসের একটু বেশি।
আয়োজক হওয়ার কারণে আগেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। র্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে দশটি দল। আয়োজক দুই দল বাদে আগামী ৩০ সেপ্টেম্বরের কাটঅফ টাইমের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দল বিশ্বমঞ্চে খেলবে। স্বাগতিক হওয়ার সুবাদে জিম্বাবুয়ে সেরা দশের বাইরে থেকেও অংশ নিচ্ছে। আর দক্ষিণ আফ্রিকা সেরা আটের মধ্যে থাকায় নবম স্থানে থাকা একটি দল সুযোগ পাবে, সেই স্থানের জন্য লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে।
বর্তমানে বাংলাদেশ যোগ্য দল হিসেবে ৯ নম্বরেই আছে। তবে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ থাকায় তাদের অবস্থান কিছুটা নড়বড়ে। কাটঅফ সময়ে বাংলাদেশের ভারত সিরিজ খেলার কথা ছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটি অনিশ্চয়তার ঘেরাটোপের মধ্যে রয়েছে।
মূলত বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নির্ভর করছে ভারতের ওপরই। ঘরের মাঠ হওয়ায় মেন ইন ব্লুদের হারানোর আশা রয়েছে। আর জয় পেলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করবে তারা। অবশ্য সূচি চূড়ান্ত করা নিয়ে দুই বোর্ডের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সিরিজটি শেষ পর্যন্ত না হলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে। তিন ম্যাচের ওয়ানডেতে ভারতীয়রা জিতলে নবম স্থানে থেকে দশম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে তারা। আর ভারত সিরিজ খেলতে না পারলে এবং উইন্ডিজ সেই সিরিজ জিতে গেলে বাংলাদেশকে বড় বিপদেই পড়তে হবে।
আমার বার্তা/এমই

