
সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা ও চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে শনিবার (৮ আগস্ট) জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সকালের দিকে রাস্তা ফাঁকা থাকার সুযোগে চালকদের মধ্যে যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়, তা নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্লাইওভারে যেভাবে গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও গতি নিয়ন্ত্রণের বিষয়টি হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, ওসমানীনগর ও তাজপুর সড়কে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা নিবৃত্ত করতে প্রশাসন ব্যবস্থা নেবে। বেপরোয়া গাড়ি চালানো রোধে চালকদের আইনের আওতায় আনার আহ্বানও জানান তিনি।
সিলেট-শেরপুর সড়কাংশে ঘনঘন দুর্ঘটনার প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ৬লেন প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। বৃষ্টিসহ নানা কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন নিয়ে আগ্রহী ছিলেন এবং এলাকার সংসদ সদস্য-মন্ত্রীরাও এ বিষয়ে সংশ্লিষ্ট। মাটি ভরাটের কাজ সময়সাপেক্ষ হলেও বিদ্যমান সড়ক দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরুর তাগিদ দেন তিনি।
আমার বার্তা/এমই

