
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
১ আগস্ট শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে মঠের ঘাট এলাকায় এ অভিযান শুরু হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সজল কুমার, রূপগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।
অভিযান চলাকালে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আজকে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছি। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ খুবই প্রয়োজন। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

