
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪০ সদস্যের ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করা হয়েছে। এ কমিটি গঠন করে সোমবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, পরিকল্পনা, পরিবেশ, ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া, খাদ্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও কমিটির সদস্য।
এ ছাড়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, স্পারসোর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, এফবিসিসিআইয়ের সভাপতি এবং সরকার মনোনীত পরিবেশ ও জলবায়ুবিষয়ক দুজন বিশেষজ্ঞ কমিটির সদস্য থাকবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটি জাতীয় পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে। পাশাপাশি এই কমিটি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় বিবেচনা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার, সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজ করবে।
আমার বার্তা/এমই

