
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আগামী এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, “ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যু মানুষের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ। শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।”
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, “যাতে ভবিষ্যতে আর কেউ শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।”
তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার প্রয়োজন রয়েছে।
রামিসা হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়ার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা সড়ক অবরোধ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধার কথা ভাবে না বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাহত হবে। তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, যারা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা “তলে তলে” সেই শক্তির সঙ্গে যোগাযোগ করছে যাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ন্যায়বিচার বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু করা হবে।
ময়মনসিংহ অঞ্চলের খাল পুনঃখননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সমগ্র অঞ্চলে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল পুনঃখননের প্রয়োজন রয়েছে এবং সরকার পরিকল্পিতভাবে এ বিষয়ে কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সরকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে কিছু গোষ্ঠী এসব উদ্যোগ ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়িয়ে কেউ আর সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
আমার বার্তা/এমই

