
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সংসদে নোয়াখালী-৬ আসনের এনসিপি দলীয় সদস্য আবদুল হান্নান মাসউদের বিশেষ অধিকার প্রশ্নে আনীত এক নোটিশের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ নির্বাচনের আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত পাঁচবার সরাসরি হামলার শিকার হয়েছেন দাবি করে এই ঘটনার সংসদীয় তদন্তের পাশাপাশি নিজের ও তার কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।
এই ঘটনা দুঃখজনক এবং এটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যের সাথে যা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। এ বিষয়ে আমি অনুরোধ করব- সংসদ সদস্য যদি কোনো জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনও তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে উনার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করতে পারেন। সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
জ্বালানির দাম বাড়ার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনগণের সুবিধার্থে আমরা একটি টলারেবল বা সহনীয় মাত্রা পর্যন্ত জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছি। বর্তমান পরিস্থিতিতে এক পর্যায়ে যখন আমাদের ন্যাশনাল ইকোনমি আর এফোর্ড করতে পারছিল না, এজন্য আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি। জ্বালানির দাম কম থাকলে এটি অন্যভাবে অপচয় হওয়ার বা পাচার হওয়ার প্রবণতা থাকে। সেই পাচার বন্ধ করতে এবং একটি ডিসিপ্লিনের মধ্যে আনতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বিরোধী দলীয় নেতার অভিযোগ খণ্ডন করে সালাহউদ্দিন আহমদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী এরইমধ্যে ৩শ বিধিতে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে আমাদের দেশে তেল ও গ্যাসের কোনো সংকট নেই। বিষয়টি এখন জাতির কাছে পরিষ্কার। সুতরাং সংসদ মুলতবি রেখে আলোচনার কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, সংসদ মুলতবি না করে ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। স্পিকারের কাছে অনুরোধ থাকবে, তিনি যেন বিরোধী দলীয় নেতাকে এই বিধিতে নোটিশ দেওয়ার সুযোগ দেন। সংসদ নেতার উপস্থিতিতে আমরা সেখানে গঠনমূলক আলোচনা করতে পারি।
আমার বার্তা/এমই

