ই-পেপার মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৬, ১০:৩৯

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গণবিক্ষোভ ঘিরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা ছড়িয়ে পড়ায় তা দমনে সরকার হিমশিম খাচ্ছে। পরিস্থিতি এমন এক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে, দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু স্থানভিত্তিক বা আংশিক কারফিউ জারির আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সপ্তাহের শেষ ভাগে এই বিশৃঙ্খল পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু মন্ত্রীদের নিয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) এক জরুরি সংকটকালীন বৈঠকে বসেন।

সপ্তাহান্তের এই সমাবেশের আয়োজক ‘ইয়েলো ভেস্ট মুভমেন্ট’ আগামী শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। অন্যদিকে, শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী লেকর্নু আঞ্চলিক কর্তৃপক্ষগুলোকে ‘আংশিক’ এবং ‘স্থানভিত্তিক’ কারফিউ জারির আহ্বান জানান।

নিজের অঙ্গীকার প্রকাশ করতে গিয়ে সেবাস্তিয়ান লেকর্নু বলেন, ‘জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি আরও বলেন, সরকার ‘প্রয়োজন হলে’ জরুরি অবস্থা জারি করতেও প্রস্তুত রয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে ক্ষোভ ইউরোপের অন্যান্য দেশেও বিক্ষোভের জন্ম দেওয়ায় তারা উদ্বেগের সাথে ফ্রান্সের ঘটনাবলী পর্যবেক্ষণ করছে। সপ্তাহান্তে মিলান এবং বেলজিয়ামেও ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং স্পেন ও পর্তুগালে বিক্ষোভের আঁচ অব্যাহত রয়েছে।

জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে শনিবার ফ্রান্সজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। ক্লাসরুমের পরিবেশ উন্নত করার দাবিতে হাইস্কুল শিক্ষার্থীদের চার সপ্তাহ আগে শুরু করা আন্দোলনেরই চূড়ান্ত রূপ ছিল এই গণবিক্ষোভ।

এই শান্তিপূর্ণ বিক্ষোভ কিছু স্থানে সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভের আড়ালে মাস্ক পরা কিছু মুখোসধারী গোষ্ঠী আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলা চালায়, সিটি হল ও অন্যান্য সরকারি ভবনে জোরপূর্বক প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়, দোকানে লুটপাট চালায় এবং রাস্তায় গাড়ি, বাইসাইকেল ও স্কুটারে অগ্নিসংযোগ করে।

সহিংস এই বিক্ষোভ চলাকালে আড়াই হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার এবং নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার সদস্য আহত হওয়ার পর আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনোজ পদত্যাগের প্রস্তাব দেন। এই বিক্ষোভে সাধারণ আন্দোলনকারীরাও আহত হয়েছেন, যার মধ্যে পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস বা সাউন্ড গ্রেনেডের আঘাতে এক বিক্ষোভকারীর হাত উড়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী ননোজ বলেন, ‘শনিবার বেশ কয়েকটি বড় শহরে শত শত দোকান লুটপাট হওয়ার পর আপনি দোকানদারদের চোখের দিকে তাকিয়ে বলতে পারতেন না যে আমরা নিয়ন্ত্রণ হারাইনি।’

শনিবার দেশজুড়ে প্রায় ৬০ হাজার আইন প্রয়োগকারী সদস্য মোতায়েন করা সত্ত্বেও সরকারের নিরাপত্তামূলক ও গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রী নুনোজের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেন।

সোমবার বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, সপ্তাহান্তে দেশজুড়ে ২ হাজার ৩৩০ জনেরও বেশি মানুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের ৭০ শতাংশই প্রাপ্তবয়স্ক—এবং তাদের অনেকের তথ্যই কর্তৃপক্ষের কাছে আগে থেকেই সংরক্ষিত ছিল।

ফ্রান্সের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলেন দি ক্রিসেনজোর মতে, ফ্রান্স জুড়ে সপ্তাহান্তের এই সহিংসতায় দুই হাজারেরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এতে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশ’ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে।

গতকাল রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই লাগামহীন সহিংসতার তীব্র নিন্দা জানান এবং বলেন যে, স্থানীয় কর্তৃপক্ষ চাইলে কিছু কিছু সমাবেশ নিষিদ্ধ করতে পারবে, তবে তিনি তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকেন।

মার্সেই শহরের কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, তারা দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন সপ্তাহান্তের এই সহিংসতাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছে, তবে একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, ফ্রান্সে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

জার্মানি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে এবং ফ্রান্স সফরের নির্দেশিকা হালনাগাদ করে সতর্ক করে বলেছে যে, আগামী দিনগুলোতে নতুন করে বিক্ষোভ এবং কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

অন্যদিকে, যুক্তরাজ্য মন্তব্য করেছে যে, প্রতিবাদের অধিকার কখনো সহিংসতার অজুহাত হতে পারে না।

হরমুজের তলদেশের ইন্টারনেট কেবলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হামলার নতুন লক্ষবস্তু নির্ধারণের হুমকি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত

বৈশ্বিক আবহাওয়ায় যেভাবে বড় পরিবর্তন আনছে ‘এল নিনো’

বিশ্বের আবহাওয়া বদলে দেওয়ার অন্যতম প্রধান কারণ ‘এল নিনো’ গত কয়েক মাস ধরে আরও শক্তিশালী

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের ওপর প্রাণঘাতী হামলা অব্যাহত থাকায় দেশটির ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন

ফ্রান্সজুড়ে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের দুর্ঘটনায় ১০ জনের পরিচয় মিলেছে, ৭ সদস্যের তদন্ত কমিটি

হরমুজের তলদেশের ইন্টারনেট কেবলকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

বৈশ্বিক আবহাওয়ায় যেভাবে বড় পরিবর্তন আনছে ‘এল নিনো’

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

হ্যাকারদের কবলে এআই টুল, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শত শত ডলারের বিল

ফ্রান্সজুড়ে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

সৈয়দপুরে রাস্তায় দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও

লাইভ ব্যাগেজ সেবায় সন্তুষ্ট যাত্রীরা, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত

২০ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

সোনা ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি হিন্দ জমিয়তের