
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৭টার দিকে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে আনুমানিক ৫০০ মিটার উত্তর দিকে, উনচিপ্রাং বিওপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যলাইন থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে ‘মেজরের ঘের’ নামক এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখতে পায় টহল দল। এ সময় মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে মাথায় মাছের ক্যারেট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি মাথায় থাকা মাছের ক্যারেটটি মেজরের ঘেরের কাছে ফেলে রেখে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া মাছের ক্যারেটটি উদ্ধার করে। ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে নীল রঙের বায়ুরোধী পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা দেখতে পায় বিজিবি। পরে গণনা করে এসব প্যাকেট থেকে আনুমানিক ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, অভিযান পরিচালনার সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও ইয়াবার চালানের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জি বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক চোরাচালান ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হোয়াইক্যং সীমান্ত এলাকায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের এ ঘটনা ঘটেছে।

