
পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অনেকের ধারণা, পেশাদার খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লুকা মদ্রিচ। তবে টরন্টোতে শেষ ৩২ এ হারের পর ৪০ বছর বয়সী মিডফিল্ডার অবসর প্রসঙ্গে এড়িয়ে গেলেন।
তবে মদ্রিচ স্বীকার করলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শিগগিরই নেবেন এবং সবাইকে জানাবেন। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন নাকি ক্যারিয়ারের সমাপ্তি টানছেন, এমন প্রশ্নে ১০ নম্বর জার্সিধারী ম্যাচ শেষে মিক্সড জোনে বললেন, ‘দিনটা আজ নয়। আমার সিদ্ধান্ত শিগগিরই আপনারা জানবেন।’
ইনজুরি টাইমে জোসকো জিভারদিওলের গোল বাতিল হয়ে যায় ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে। এই বিষয়ে মুখ বন্ধ রাখেননি মদ্রিচ। রেফারির সিদ্ধান্তের সমালোচনা করলেন তিনি, বিশেষ করে ভিএআরের পারফরম্যান্সের, যেটা পর্তুগালের বিপক্ষে হারে অন্যতম ভূমিকা রেখেছে।
মদ্রিচ বলেন, ‘রেফারির সিদ্ধান্ত আমাদের ক্ষতি করেছে। (সিদ্ধান্ত) ভিন্ন কিছু হলে আমরা অন্য অবস্থায় থাকতে পারতাম। পেনাল্টিও এমন সময়ে দেওয়া হলো, যখন দুই দলের খেলোয়াড়রাই ধস্তাধস্তি করছিল। তাছাড়া বাতিল হওয়া গোলটির সময় বল মাতানোভিচের চুল স্পর্শ করেছিল কি না তাও স্পষ্ট নয়। ভিএআর এই ধরনের ব্যাখ্যার জন্য নয়, সব ধরনের ভুল সংশোধনের জন্য তৈরি করা হয়েছিল।’

