
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের আইনি সহায়তা দিতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)।
সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইসিআরসির প্রতিনিধিদল এই প্রশংসা করে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।
সাক্ষাৎকালে নিকোলাস ফ্লুরি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবাধিকার, ফার্স্ট এইডসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমে আইসিআরসির সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা আরও বাড়াতে আইসিআরসির সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

