
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’ শীর্ষক সংবাদটিতে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে, এই সফরগুলো প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী পূর্বনির্ধারিত। এর সঙ্গে সরকারের কোনো আলাদা আর্থিক সংশ্লিষ্টতা নেই। শর্তানুযায়ী, প্রশিক্ষণ ও চালান পূর্ব পরিদর্শন (Pre-shipment Inspection) সম্পন্ন না হলে সংশ্লিষ্ট অর্থ কর্তনযোগ্য এবং তা ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। ফলে এই সফরে বাংলাদেশ সরকারের নিজস্ব কোনো অর্থ ব্যয় হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশের সব কেন্দ্র ও উপকেন্দ্রকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে বিটিভির ১৬টি কেন্দ্রে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। যন্ত্রপাতির গুণগত মান এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই কর্মকর্তাদের এই পরিদর্শন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে প্রকল্পের ৮০ শতাংশ ভৌত কাজ এবং ৯৫ শতাংশ আর্থিক ব্যয় সম্পন্ন হয়েছে।
সংবাদটিতে এই প্রকল্পকে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গৃহীত বলে উল্লেখ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। প্রতিবাদলিপিতে জানানো হয়, পতিত সরকারের আমলের সব অপ্রয়োজনীয় প্রকল্প বর্তমান অন্তর্র্বর্তী সরকার ইতোমধ্যে বাদ দিয়েছে। এই প্রকল্পটি সম্প্রচার ব্যবস্থা আধুনিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ বলেই তা চলমান রয়েছে।
আহ্বান জনমনে বিভ্রান্তি এড়াতে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকাকে ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আমার বার্তা/এমই

