
নেত্রকোনার বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতার ভাষ্য, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সামাজিক সচেতনতা ও বাস্তবধর্মী গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘ফিল্টার’। দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করাই সিনেমাটির অন্যতম উদ্দেশ্য।
অনলাইন প্রেমের আড়ালে প্রতারণা, ভুয়া পরিচয়ে ফাঁদে ফেলা, ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল এবং সাইবার অপরাধের নানা ভয়াবহ ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ফিল্টার’। এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে সিনেমাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। উইনার গ্রুপ নিবেদিত এবং সিনথিয়া ফিল্মস পরিবেশিত ‘ফিল্টার’ পরিচালনা করেছেন সুমন চৌধুরী মোহাম্মদ সরোয়ার হোসেন খান, যিনি চলচ্চিত্র অঙ্গনে সুমন পলাশ নামে পরিচিত। সিনেমাটির প্রযোজক রবিউল ইসলাম রবি।
সমসাময়িক সমাজে প্রযুক্তির অপব্যবহার করে কীভাবে অনলাইন প্রেমকে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, কীভাবে ভুয়া ছবি ও পরিচয়ের মাধ্যমে মানুষকে হানিট্র্যাপের ফাঁদে ফেলা হচ্ছে—এসব বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘ফিল্টার’-এর গল্প। পাশাপাশি সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের তৎপরতা, অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া এবং ভুক্তভোগীদের বাস্তব পরিস্থিতিও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক, চাঁদনী শেখ, লোকমান শুভ, জাফরিন সাজ, সাদেক সিদ্দিকী, রবিউল ইসলাম রবি, আয়েশা, মুক্তি, স্বপ্না, ইদ্রিস ডুবজল, পাপিয়া, বাচ্চু ও প্রিন্সেস বিউটিসহ আরও অনেকে।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মাসুদ পারভেজ সবুজ। গল্পের মূল ভাবনা জেসমিন আক্তার নদীর। কাহিনি লিখেছেন রওশন আক্তার রত্না এবং সংলাপ রচনা করেছেন খাজা তারিক। সম্পাদনা, শব্দ সংযোজন ও পূর্ণ বিন্যাসের দায়িত্বে রয়েছেন রুদ্রা আচার্য। রূপসজ্জায় কাজ করেছেন মো. শামীম।
‘ফিল্টার’ সিনেমার গান লিখেছেন সালাউদ্দিন সাগর, মিজানুর রহমান, আকাশ আচার্য ও শরিফুল উদ্দিন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন খান মনিরুজ্জামান, তানজিলা, রুদ্রা আচার্য ও সোমা আকাশ। নৃত্য পরিচালনা করেছেন বিল্লাল হোসেন।
বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সার্বিক সহযোগিতায় এবং সায়মন তারিক টিমের উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই দর্শকদের সামনে আসবে ‘ফিল্টার’। সামাজিক বাস্তবতা, প্রযুক্তির অপব্যবহার এবং সাইবার অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয় বড় পর্দায় তুলে ধরে সিনেমাটি দর্শকদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি নতুন আলোচনার জন্ম দেবে বলে আশা করছেন নির্মাতারা।

