
নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ মোহনা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় যৌথ অভিযানে ২টি ড্রেজার (গ্রাফ) ও ১টি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২১ জুন (রোববার) সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ২টি ড্রেজার (গ্রাফ) ও ১টি বাল্কহেড জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বক্তাবলী নৌ পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মাটি উত্তোলনের কারণে ফসলি জমি ও আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

