
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাই কমিশন, অ্যালায়েন্স ফ্রঁসেজ ডি ঢাকার সহযোগিতায়, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ককে উদযাপন করে একটি আন্তঃসীমান্ত শিল্প প্রদর্শনী 'ব্রিজিং হরাইজনস: প্রকৃতি, ঐতিহ্য এবং উদ্ভাবনের একটি চাক্ষুষ সংলাপ' উপস্থাপন করতে পেরে আনন্দিত।
প্রদর্শনীটি গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৫:৩০ মিনিটে অ্যালায়েন্স ফ্রঁসেজ ডি ঢাকায় উদ্বোধন করা হয় এবং এটি ১৪ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ ডি'অ্যাফেয়ার্স মিচেল লি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অলঙ্কৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং অ্যালায়েন্স ফ্রঁসেজ দে ঢাকার পরিচালক এম. ফ্রাঁসোয়া শম্ব্রো। এই সামগ্রিক উদ্যোগটির কিউরেটর হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন আর রশিদ টুটুল।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার প্রাণবন্ত কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে উদযাপন এবং শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত ‘ব্রিজিং হরাইজনস’ প্রদর্শনীতে প্রকৃতি, ঐতিহ্য, উদ্ভাবন এবং অভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের মতো বিষয়বস্তু নিয়ে বিভিন্ন শৈল্পিক অভিব্যক্তির এক বৈচিত্র্যময় সংকলন একত্রিত করা হয়েছে। এই প্রদর্শনীতে সিঙ্গাপুরের সেরা শিল্পকর্মের সংগ্রহের পাশাপাশি বাংলাদেশের ১৪ জন প্রখ্যাত মাস্টার শিল্পীর কাজ স্থান পেয়েছে। এছাড়াও, একটি জাতীয় উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত ছয়জন তরুণ বাংলাদেশী শিল্পীর নতুন ও উদীয়মান দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। সম্মিলিতভাবে, এই কাজগুলো প্রতিষ্ঠিত শৈল্পিক ঐতিহ্য এবং সমসাময়িক কণ্ঠস্বরের মধ্যে একটি গতিশীল দৃশ্যগত সংলাপ তৈরি করে, যা দুই দেশের মধ্যে অভিন্ন মূল্যবোধ এবং ক্রমবিকাশমান সাংস্কৃতিক সংযোগকে প্রতিফলিত করে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে থেকে ৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিরা তাদের ক্রেস্ট প্রদান করেন।
প্রদর্শনীর বিবরণ:
উদ্বোধনী অনুষ্ঠান: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | বিকাল ৫:৩০।
প্রদর্শনীর সময়কাল: ১৪-১৯ আগস্ট ২০২৬
দেখার সময়: প্রতিদিন বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৯ টা পর্যন্ত
ভেন্যু: লা গ্যালারি, অ্যালায়েন্স ফ্রঁসেজ ডি ঢাকা, ধানমন্ডি।
আমার বার্তা/এমই

