
সিপিএলে আবারও মেহেদী হাসান মিরাজ ম্যাজিক। ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন, শিকার করেছেন ৪ উইকেট। মিরাজের দল গায়ানাও জয় পেয়েছে, পরে ম্যাচসেরা হয়েছেন টাইগার এই অলরাউন্ডার।
সিপিএলে প্রথম ম্যাচে তিন উইকেটের পর এবার শিকার করেছেন ৪ উইকেট। একে একে বোল্ড করেছেন চার ব্যাটারকে, প্রথম ওভারে জোড়া উইকেটের পর দ্বিতীয় ও চতুর্থ ওভারেও সাফল্য পেয়েছেন। সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মিরাজ।
ম্যাচসেরা হয়ে মিরাজ বলেন, ' আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটি দারুণ মুহূর্ত। আমি প্রথমবারের মতো সিপিএল খেলছি এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছি। ম্যাচটি আমি দারুণ উপভোগ করেছি।'
সঠিক জায়গায় বল করার চেষ্টা করে গেছেন মিরাজ, 'আমি সঠিক জায়গায় বল করার এবং উইকেট নেওয়ার চেষ্টা করেছি। আমি জানতাম উইকেট কিছুটা টার্নিং ছিল এবং এটা স্পিনারদের সাহায্য করবে।'
দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অলরাউন্ডার বলেন, '(গায়ানায় খেলার অভিজ্ঞতা) এটি আমার জন্য সত্যিই দারুণ একটি মুহূর্ত। তারা খুবই ভালো; বিশেষ করে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।'
সামনের ম্যাচগুলোতেও দলের জয় নিয়ে আশাবাদী মিরাজ, ‘বার্বাডোসের বিপক্ষে আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে, এটা চ্যালেঞ্জিং আশা করি জিততে পারব। এরপর প্লে-অফ আছে সেখানে দুইটা ম্যাচ আছে জিতলে ফাইনালে যাব। আশা করছি আমরা পরের ম্যাচ জিততে পারব।'

