
জ্বালানি সংকটের পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সংশ্লিষ্টদের অবহেলা ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছিল।
শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, জ্বালানি সচিবের দেওয়া নির্দেশনা অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ফলে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছিল, যা আংশিকভাবে ‘কৃত্রিম’ বা আর্টিফিশিয়াল বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে, পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ঘাটতিও ছিল। ‘সবাই ঠিকভাবে কাজ করলে এ ধরনের সংকট তৈরি হতো না। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে,’ যোগ করেন তিনি।
মন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর গত ৭৫ দিন তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি খনিজ সম্পদ খাতেও কাজ করার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরেই বড় আকারের বাজেট প্রণয়ন হচ্ছে। তবে গবেষণা খাতে বিনিয়োগের ঘাটতি রয়েছে। ‘যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে,’ মন্তব্য করেন তিনি।

