
আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মার্টিন ডওসনের নেতৃত্বে ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্য নেইল গান্ধী ও বিশ্বজিত দেব এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার এবং জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য নেইল গান্ধী বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা এবং পূর্বের সরকারের সময়ে নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না এবং এ বিষয়ে নির্বাচিত সরকার কীভাবে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে সে বিষয়ে জানতে চান।
বর্তমান প্রশাসনের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রশাসনে যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি প্রদান করছে এবং হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং পর্যবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তাদের কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, কারিগরি সহায়তা দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পেলে আলোচনার মাধ্যমে সরকার সিদ্ধান্ত নেবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্তরাজ্যের প্রশাসনের একটি লিগেসি রয়েছে। তাই কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসহ বাংলাদেশের প্রশাসনিক উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করতে পারে।
আমার বার্তা/এমই

