
গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনার জেরে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে মহানগরীর পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েকদিন আগে খিলগাঁও এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। পরে স্থানীয় সালিশে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করা হয়।
তবে ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে অটোরিকশার মালিকসহ কয়েকজন ব্যক্তি জুয়েলকে আবারও চুরির অপবাদ দিয়ে আটক করেন। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুপুরের ব্যস্ত সময়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

