
গাজীপুরে আদালতের গারদখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৩২টি মামলার আসামি সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে পুনরায় গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে গাজীপুর র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদে র্যাব ১৪ এর সহযোগিতায় ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর সদর মেট্রো থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এর আগে রোববার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানা-পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করার জন্য গাজীপুর আদালতের গারদখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়ার পর কাগজপত্রের আনুষ্ঠানিকতা চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান।
সম্রাট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পরে র্যাবের অভিযানে ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
এদিকে আদালতের গারদখানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

