
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাধবপুর গ্রামে শুক্রবার জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহাফুজুর রহমান বলেন, জামায়াতের মহিলা কর্মীদের ইফতার মাহফিলের আয়োজন নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আমার বার্তা/জেএইচ

