সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তৃতীয় ম্যাচেও দারুণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে হেরেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স। বাংলাদেশি স্পিনারের দারুণ বোলিংয়ে টানা জয় পেয়েছিল তারা
সরাসরি ফাইনালে খেলার লক্ষ্যে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে ১৭ সেপ্টেম্বর প্রথম কোয়ালিফায়ার খেলবে গায়ানা। এই দলটির কাছেই লিগে প্রথম হার দেখেছিল তারা। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দেওয়ার আগে বার্বাডোজের কাছে ৬ উইকেটে হার দেখল মিরাজদের দল।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল গায়ানা। তৃতীয় ওভারে ১৫ রানের মধ্যে তিন উইকেট হারালে গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি বাঁধেন মিরাজ। তারা দুজনে ২৩ রান তুলে বিচ্ছিন্ন হন। ২৪ রানে ফিলিপস আউট হন এবং গায়ানার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও ছিল সেটি।
মিরাজ দলের বিপর্যয় ঠেকাতে বড় ভূমিকা রাখতে পারেননি। তার ১৮ রান দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। ২৪ বলের ইনিংসে ছিল একটি করে চার ও ছয়। শেষ দিকে রোমারিও শেফার্ড ও ইমরান তাহির ৩১ রানের সর্বোচ্চ জুটি গড়েন। ২২ রানে শেষ ব্যাটার হিসেবে থামেন শেফার্ড। ১৮.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় গায়ানা। এএম গজনফার ও জোহান লেইন তিনটি করে উইকেট নেন।
লক্ষ্যে নেমে ৩৬ রানে তৃতীয় উইকেট হারায় বার্বাডোজ। এর মধ্যে পাওয়ার প্লের শেষ ওভারে মিরাজ বল হাতে সাফল্য পান। কুইন্টন ডি ককের অফস্টাম্প ভেঙে দেন এই অফস্পিনার। তারপর ১২তম ওভারে শ্যাডর্যাক ডেসকার্টেকে ৩২ রানে নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। ততক্ষণে জয়ের ভিত তৈরি করে ফেলে বার্বাডোজ।
মিরাজ এই ম্যাচে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রে আছেন তিনি। ৪৪ রানে অপরাজিত থেকে গায়ানার হার নিশ্চিত করেন ব্র্যান্ডন কিং। ১৪.৫ ওভারে বার্বাডোজ ৪ উইকেটে ১০০ রান করে।
