বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গত মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে এডহক কমিটির কাছে। যে কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। আজ সোমবার সেই কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে। সেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত এডহক কমিটিগুলো অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি পরবর্তী বিসিবি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। এদিকে পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড।
এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত আরও দুজন সদস্য থাকবেন।
এ দিকে আজকের মিটিংয়ে আরো একটি সিদ্ধান্ত হয়েছে। দুই বছরের জন্য কোকা-কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।
আমার বার্তা/এমই
