একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্দোসো। পুরুষ ও নারী ক্রিকেটে তার আগে কেউ এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার নজির ছিল না। কার্দোসোর অবিশ্বাস্য বোলিং তোপে লেসোথো মাত্র ১৩ রানে অলআউট হয়ে ১৮৯ রানে হেরেছে।

৩ ওভার বল করে দুটি মেডেন পেয়েছেন কার্দোসো। ২১ বছর বয়সী এই ক্রিকেটার মাত্র ৪ রানের বিনিময়ে ৯ উইকেট শিকার করেছেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং ফিগার (৪/৯)। ম্যাচটিতে আগে ব্যাট করা ব্রাজিলের মেয়েরা ২০৩ রানের বড় পুঁজি গড়ে। লক্ষ্য তাড়ায় স্রেফ ৬.৩ ওভারে লেসেথোর ইনিংস থামে ১৩ রানে।

কার্দোসোর ইতিহাসগড়া ম্যাচটির সাক্ষী হয়েছেন ক্রিকেট ব্রাজিলের সভাপতি রবার্তা মোরেত্তি। স্লিপে ফিল্ডিং করা এই ক্রিকেটার সতীর্থকে নিয়ে আরও বড় প্রত্যাশা জানিয়ে বিবিসি স্পোর্টকে বলেন, ‘আমি মনে করি না যে এটাই শেষ। তার বয়স মাত্র ২১ এবং আমি বিশ্বাস করি সে একদিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এলিট লেভেলে খেলবে। লরার মতো ক্রিকেটারের বেড়ে উঠতে দেখা আমার জন্য আনন্দের। নিজের কাজে সে খুবই নীতিবান ও আবেগী। আমাদের গ্রাসরুট প্রোগ্রাম থেকে তার উত্থান এবং ব্রাজিলও তাদের সবচেয়ে সেরা ক্রিকেটার পেয়েছে।’

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেরা বোলিং ফিগার ছিল ভুটানের সোনম ইয়েশের। গত বছর মিয়ানমারের বিপক্ষে তিনি ৭ রানে ৮ উইকেট শিকার করেন। এর আগের বছর ইন্দোনেশিয়ার রহমালিয়া রহমালিয়া কোন রান খরচ না করেই ৭ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। তার বোলিংয়ের নির্মম শিকার হয়েছিল মঙ্গোলিয়া।

কার্দোসো ইতিহাসগড়া বোলিং করেন গতকাল (বৃহস্পতিবার) কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টে। ৬ দল নিয়ে চলমান কালাহারি নারী টি-টুয়েন্টি টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে বতসোয়ানায়। যেখানে ব্রাজিল-লেসোথো ছাড়াও অংশ নিয়েছে বতসোয়ানা, মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।

ম্যাচটিতে লেসোথোর বিপক্ষে আগে ব্যাট করে ২০২ রানের পাহাড় গড়ে ব্রাজিল। রানতাড়ায় লেসোথোর বিপক্ষে কার্দোসোর আঘাত শুরু হয় দ্বিতীয় ওভারে। ওই ওভারে হ্যাটট্রিক এবং চতুর্থ ওভারে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। দশ নম্বর উইকেটটিও হয়ে পেয়ে যেতেন, তবে মারিয়ান আর্তুর লেসোথোর শেষ উইকেটটি নিলে কার্দোসোর আর সেই সুযোগ মেলেনি।


আমার বার্তা/জেএইচ