বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এসময় দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ গ্রেপ্তার না দেখানোর আবেদন করলে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) স্ব-পদে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থ সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। উভয়েই বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান পরিচালনা করে সেখানে ভাঙচুর করে। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরও হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
আমার বার্তা /জেএইচ
