বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণেরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের জ্ঞান, সততা, সৃজনশীলতা ও দেশপ্রেমই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে।

শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের ক্যাম্পাসে ‘রিভোলিউশন ১.০—জাতীয় রোবোটিকস উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, সরকারের মূল লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নয়। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে দেশের তরুণেরা প্রযুক্তির ব্যবহারকারী থেকে প্রযুক্তির উদ্ভাবকে পরিণত হবেন। এ লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, গবেষণা, স্টার্টআপ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়নের অন্যতম লক্ষ্য হচ্ছে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনকেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি এখন সবচেয়ে বড় প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু পাঠদান ও ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এগুলোকে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্বের উন্নত দেশগুলোর প্রযুক্তিগত সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবন বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়গুলোকে আরও শক্তিশালীভাবে এ ভূমিকা পালন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বয়ংক্রিয় প্রযুক্তি, ইন্টারনেট অব থিংস, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও কোয়ান্টাম কম্পিউটিং আগামী দিনের অর্থনীতি, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানের ভিত্তি নির্ধারণ করছে। বাংলাদেশও এই বৈশ্বিক পরিবর্তনের অংশীদার।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, যেসব কোম্পানি হাইটেক পার্কে জায়গা বরাদ্দ নিয়ে এখনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেনি, তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুঁইয়া ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম এ মুবিন খান।


আমার বার্তা/এমই