মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১১:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের বেলান্তিক ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। পরিদর্শনে গিয়ে দলটি ক্যাম্পে আটক থাকা ৯৬ জন বাংলাদেশি প্রবাসী কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সোমবার (৩ আগস্ট) দূতাবাসের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল ইমিগ্রেশন ডিপোতে পরিদর্শনে যান। এসময় ক্যাম্পে অবস্থানরত কর্মীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের কথা বলার ব্যবস্থা করা হয়। একই দিনে দ্রুত নাগরিকত্ব যাচাই করে ২৬ টি ট্রাভেল পারমিট ইস্যু করে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দূতাবাস। অবশিষ্ট ট্রাভেল পারমিট শীঘ্রই ক্যাম্প কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো রকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ চলমান থাকার পরেও থেমে নেই ধরপাকড়। নিয়মিত আটক অভিযানে গ্রেপ্তার হয়ে দেশটির বিভিন্ন রাজ্যের জেলখানায় সাজা ভোগ শেষে ক্যাম্পে অবস্থান করছেন অসংখ্য বাংলাদেশি। ক্যাম্পে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরাতে দূতাবাসের একাধিক প্রতিনিধি দল নিয়মিত ক্যাম্প পরিদর্শন করে ট্রাভেল পাস ইস্যু করে আসছে।
এছাড়া, দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় ইমিগ্রেশন ক্যাম্পে আটক থাকা বাংলাদেশিদের কীভাবে দ্রুত সময়ে দেশে পাঠানো যায় সে বিষয়ে দেশটির ইমিগ্রেশনের সঙ্গেও নিয়মিত বৈঠক করছে দূতাবাস।
প্রসঙ্গত : মালয়েশিয়ার জেল খেটে দেশে ফেরা বাংলাদেশিদের অনেকের অভিযোগ, অন্যান্য দেশের হাইকমিশন কর্তৃপক্ষ জেল/ক্যাম্প পরিদর্শন করলেও বাংলাদেশ হাইকমিশনের কেউ যায় না, এমনকি খোঁজ খবরও নেয় না। তবে বর্তমান লেবার মিনিস্টার দায়িত্ব নেওয়ার পর নিয়মিত ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পাশাপাশি ক্যাম্প পরিদর্শন করায় সেই অভিযোগ অনেকটাই কমেছে বলে মনে করেন মালয়েশিয়ায় বসবাসরত সচেতন প্রবাসী বাংলাদেশিরা।
