গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৬:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গ্যাস সংকট নিরসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফোনে কথা বলার পাশাপাশি চিঠিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী গ্যাস সংকটের গুরুত্ব অনুভব করে সকালে চিঠির মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। দুপুরে ফোনে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি তার টিমের সঙ্গে কথা বলে করণীয় নির্ধারণ করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সংকট নিরসনে সম্ভাব্য সব বিকল্প নিয়ে কাজ করছি। কোনো বিকল্প আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এফএসআরইউর একটিতে ত্রুটি থাকার কারণে গ্যাস সরবরাহ কমে গেছে। সেটি সচল করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্টরা। আজ এ অঞ্চলের প্রধান আজিজ কাশিমের সঙ্গে কথা বলেছি। তারাও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। আগামী সপ্তাহে অর্ধেক সরবরাহ এবং পরের সপ্তাহে পুরোপুরি সচল করা সম্ভব হবে বলে তারা জানিয়েছে।


আমার বার্তা/এমই