রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৯:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন। তারা সমাজের সুবিধাবঞ্চিত ও পশ্চাদপদ নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশে ও বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশু কল্যাণসহ জনসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই