অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করতে চায় বাংলাদেশ-সুইজারল্যান্ড
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করতে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশ ও সুইজারল্যান্ড। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাজনৈতিক পরামর্শের ষষ্ঠ রাউন্ড আলোচনায় এ বিষয়ে একমত হয়েছে উভয়পক্ষ।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম এবং সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বৈচিত্র্যময় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে আরও সহযোগিতার পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারত্ব, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা এবং প্রযুক্তি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ উদীয়মান ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বাংলাদেশে সুইস বিনিয়োগকারীদের শক্তিশালী উপস্থিতির কারণে উভয় পক্ষ বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্কের মূল স্তম্ভ হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্বকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখা এবং সুইস বিনিয়োগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে।
উভয়পক্ষ অভিন্ন মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী ও টেকসই আন্তর্জাতিক মনোযোগের প্রয়োজনীয়তাসহ তাদের নিজ নিজ অগ্রাধিকারের বিষয়ে মতবিনিময় করেছে।
এ ছাড়া, উভয়পক্ষ জাতিসংঘ ও আন্তর্জাতিক জেনেভায় সহযোগিতাসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদার করার পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে।
পরে রাষ্ট্রদূত মার্কাস লিটনার ও সুইস প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আমার বার্তা/এমই
