সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ইউনিক ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সকল উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
তিনি আরও জানান, ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকারও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
