অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সংসদে বক্তব্য দিচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলেও দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আখতার হোসেন প্রশ্ন রেখে বলেন, আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে একটি অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা নেই। বর্ষাকালে মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। শীতের সময় রাস্তায় প্রচণ্ড ধুলাবালি থাকে। এমন কিছু চরাঞ্চল আছে, যেখান থেকে বাজারে পণ্য পৌঁছে দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার।

তিনি আরও বলেন, আমার আসনের দুই উপজেলার মধ্যে কাউনিয়া উপজেলায় ৫৩৫ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ১৯৮ কিলোমিটার রাস্তা পাকা রয়েছে। পীরগাছা উপজেলায় ৮৪২ কিলোমিটার রাস্তা রয়েছে, পাকা করা হয়েছে মাত্র ২৯১ কিলোমিটার। সরকার স্থানীয় পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে কি না, মানুষ বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারবে—সেজন্য রাস্তা পাকাকরণের মেগা প্রকল্প গ্রহণ করা হবে কি না।

উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, রংপুর-৪ আসনের সংসদ সদস্য গ্রাম বাংলার সবার মনের কথা বলেছেন। আমাদের দুর্ভাগ্য, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে মেগা প্রকল্পের আড়ালে চরম দুর্নীতি করা হয়েছে—এটা আমরা উপলব্ধি করছি। দুর্ভাগ্যক্রমে বিগত অন্তর্বর্তী সরকারের আমলেও যারা দায়িত্বে ছিলেন, তারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন। বিশেষ করে উত্তরাঞ্চলের রাস্তাগুলো একেবারেই খারাপ অবস্থায় রয়ে গেছে। আমি সংসদ সদস্যকে বলতে চাই, আগামী দিনগুলোতে আমরা এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

এর আগে রোববার বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক স্থগিত করা হয়।


আমার বার্তা/এমই