অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অধিবেশন শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন ১৫ দিন আগে করতে হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু হতে পারে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন- অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে- সেগুলো উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদান। এছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে।

এরই মধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করেনি।


আমার বার্তা/এমই