রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির হাইকোর্টে জেল আপিল

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল করেছেন।

রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য রয়েছে।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

রায়ে আরও বলা হয়, সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পরিশোধ না করলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রির মাধ্যমে তা আদায়ের নির্দেশও দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৫ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে।

এর আগে ১ জুন মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। পরদিন একদিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন আসামিদের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনার পর বাদী পল্লবী থানায় মামলা করেন এবং পরে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলা বর্তমানে বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে হাইকোর্টে রয়েছে।


আমার বার্তা /জেএইচ