কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। তাদের ভাষ্য, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।

গুজবের সূত্রপাত যেভাবে

মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর (জিএইচকিউ)-এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করেন। তাদের উদ্ধৃত করে তিনি জানান, ইমরান খান আর জীবিত আছেন কি না—এ নিয়ে সেনাবাহিনীর ভেতরেও গভীর উদ্বেগ রয়েছে।

খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমরান খানের সমর্থকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। তবে পরে ওই সাংবাদিক নিজেই পরিষ্কার করেন, তার কাছে ইমরান খানের মৃত্যুর কোনো নথিভুক্ত বা নিশ্চিত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের বিষয়ে তথ্যের চরম গোপনীয়তা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছিল।

সেনাবাহিনীর অস্বীকার

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইমরান খানের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করে। সেনাবাহিনী জানায়, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন। একই সময়ে ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়।

বুশরা বিবির পরিবারের সদস্যরা জানান, নিয়ন্ত্রিত এক কারা-সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের সিসিটিভি মনিটর দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে বলে তারা দাবি করেন। তবে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়ে গেছে। মৃত্যুর গুজব থামলেও ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি।

যা বলছে পিটিআই

পিটিআই নেতারা বলছেন, তার জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনুমান বা গুজবের সুযোগ থাকা উচিত নয়। তারা ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে তার সঙ্গে দেখা করার এবং তার স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

দলটির নেতারা সতর্ক করে বলেছেন, ইমরানের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। এমনকি তার সমর্থকদের রাওয়ালপিন্ডির দিকে মিছিল করার প্রস্তুতির কথাও বলা হয়েছে।

এরইমধ্যে পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছেন। তারা ইমরানের চিকিৎসা-সুবিধা এবং কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।   তথ্যসূত্র: ফার্স্টপোস্ট