আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আরব মিত্রদের কাছে ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে কংগ্রেসের কাছে পাঠানো একটি নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
নোটিশর তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৮০০ কোটি ডলারের বেশি সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করা হবে। এর মধ্যে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ রয়েছে।
কুয়েতের কাছেও ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। এতে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম। আর জর্ডানের জন্য সাড়ে ৭ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া উল্লিখিত দেশ তিনটির কাছে আরও ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রয় অনুমোদন দেওয়া হয়েছে। এই বরাদ্দের বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, এর জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো দরকার হয়নি। কারণ এগুলো আগে অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা শুধু ‘বাণিজ্যিক বিক্রয়’। - সূত্র: মিডল ইস্ট আই
আমার বার্তা/এমই
