প্রেম-কষ্ট ও স্বপ্ন সবকিছুই বাস্তবে ফুটে উঠেছে: পূজা চেরি

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পূজা চেরি। ছবি: ফেসবুক

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নায়িকা পূজা চেরির সিনেমা ‘দম’ এখনো দেশের প্রেক্ষাগৃহে চলমান।  এ সিনেমায় ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্র অভিনয় করে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি। ‘দম’ সিনেমার রেশ কাটতে না কাটতেই এলো পূজার আরও এক সিনেমা মুক্তির ঘোষণা। নাম ‘নাকফুলের কাব্য’।

আজ দুপুরে সিনেমাটির পোস্টার উম্মোচন করে প্রযোজনা সংস্থা জানায়, আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। এতে তার বিপরীতে দেখা যাবে আদর আজাদকে।

আলোক হাসান পরিচালিত ও ফেরারী ফরহাদের গল্প-সংলাপে নির্মিত ‘নাকফুলের কাব্য’-সিনেমায় সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প উঠে এসেছে।

সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, ‘এই গল্পটি আমার হৃদয়ের খুব কাছের। এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন-সবকিছুই খুব বাস্তবভাবে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি দর্শকরা চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দাগ কাটবে।’

প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। আমরা সবসময় এমন গল্প তুলে ধরতে চাই যা আমাদের সংস্কৃতি ও আবেগকে ধারণ করে। ‘নাকফুলের কাব্য’ সেই চেষ্টারই একটি অংশ। এটি শুধু একটি সিনেমা নয়, বরং আমাদের মানুষের গল্প, যা পরিবার নিয়ে বসে উপভোগ করার মতো একটি নির্মাণ।”

রোমান্টিক-কমেডি ঘরানার ‘নাকফুলের কাব্য’ সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।

এদিকে ঈদুল আযহায় পূজা চেরি অভিনীত ‘মাসুদ রানা’ সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে। এতে পুরোদস্তুর অ্যাকশন গার্লের ভূমিকায় দেখা যাবে পূজাকে।

সিনেমায় নিজের অভিনয় নিয়ে পূজা চেরি বলেছিলেন, ‘আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ জন্য ফাইট প্র্যাকটিস করছি। আয়নার সামনে দাঁড়িয়ে সোহানার মতো অভিনয় করছি। আমার আগের সিনেমাগুলোয় দর্শক যেভাবে আমাকে দেখছেন, এ সিনেমাতে ভিন্ন এক পূজাকে দেখবেন। পুরো একজন অ্যাকশন লেডি হিসেবে দর্শক দেখতে পাবেন আমাকে।’

মাসুদ রানা সিনেমার বেশিরভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। বাকি ছিল একটি গান ও কয়েকটি দৃশ্যধারণের কাজ। অবশেষে সব জটিলতা কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে বাকি থাকা শুটিং।


আমার বার্তা/এমই