১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছ লাগানোর নির্দেশ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৪:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এদিন প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। তার এ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই সময়ে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

রোববার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে তিনটি করে চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।


আমার বার্তা/এমই