এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি, তথ্য চাইল বোর্ড
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৬:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাতেও সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে রাখা হবে। দেশজুড়ে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বরসহ বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
একইসঙ্গে সিসিটিভির ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২১ জুনের মধ্যে এসব তথ্য বোর্ডে পাঠাতে বলা হয়েছে।
রোববার (১৪ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তি এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট ডিভিআর ও এনভিআরের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২১ জুন এর মধ্যে dhakaboardcontroller@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া ই-মেইলের বিষয় হিসেবে ‘CCTV EIIN Number’ লিখতে হবে। উদাহরণ হিসেবে ‘CCTV 888888’ উল্লেখ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজেদের ইআইআইএন নম্বর ব্যবহার করতে হবে।
বোর্ড আরও জানিয়েছে, বিষয়টি অত্যন্ত জরুরি। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে।
আমার বার্তা/এমই
