ঢাবি ও ঢাকা কলেজে উৎসবমুখর পরিবেশে শুরু নগদের ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৩:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের তরুণ প্রজন্ম ও ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে মাসব্যাপী ‘ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন’ কর্মসূচি শুরু করেছে নগদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়। দুই শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নগদ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে দেশের ২৭টি জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ ভেন্যুতে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে বিশ্বকাপজুড়ে চলবে নানা আয়োজন। এতে থাকবে ইন্টারঅ্যাকটিভ সেশন, স্পোর্টস কুইজ, ফুটবলভিত্তিক গেমস এবং প্লেস্টেশন-৫ গেমিং প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রাখা হয়েছে মিনি ফুটবল, জার্সি, রিস্টব্যান্ডসহ বিভিন্ন পুরস্কার।

প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মাস্টারদা সূর্যসেন হলের টেনিস কোর্টে। অনুষ্ঠানে অংশ নেন মাতসুশিমা সুমাইয়া। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুইজ, ফুটবলভিত্তিক বিভিন্ন কার্যক্রম ও গেম শোতে অংশ নেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রিয় ফুটবল তারকার সঙ্গে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী নাজনীন নাহার নিপা বলেন, “ক্যাম্পাসে হঠাৎ এমন জমকালো আয়োজন সত্যিই আমাদের চমকে দিয়েছে। মাতসুশিমা সুমাইয়ার মতো তারকাকে এত কাছ থেকে দেখা এবং ফুটবল ও গেমিং চ্যালেঞ্জে অংশ নেওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। বিশ্বকাপের এই আমেজ আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নগদকে ধন্যবাদ।”

এর আগে একই দিনে ঢাকা কলেজ-এও অনুষ্ঠিত হয় নগদের বিশ্বকাপ অ্যাক্টিভেশন কর্মসূচি। সেখানে শিক্ষার্থীরা স্পোর্টস কুইজ, গেমস ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি আরও উৎসবমুখর হয়ে ওঠে।

নগদের হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, “ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সারা দেশের মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল আর্থিক সেবার সুবিধাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। নগদ প্রতিদিন নিরাপদ, সহজ ও দ্রুত আর্থিক সেবার মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলছে।”

এদিকে বিশ্বকাপ উপলক্ষে সাধারণ গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইনও চালু করেছে নগদ। প্রতিষ্ঠানটির দাবি, এই ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার পাশাপাশি বিদেশে জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগও পেতে পারেন।