প্রথমবারের মতো হাজার কোটি টাকা মুনাফার ঘরে পূবালী ব্যাংক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১১:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবার হাজার কোটি টাকা নিট মুনাফার ঘরে প্রবেশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। ২০২৫ হিসাব বছরের চূড়ান্ত হিসাবে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯০ কোটি টাকায়। ২০২৪ হিসাব বছরে ব্যাংকটি ৭৮০ কোটি টাকার নিট মুনাফা করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদে ওই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে। এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও ওই প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

ব্যাংকটির পর্ষদে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার পাশাপাশি শেয়ারধারীদের জন্য লভ্যাংশের ঘোষণা দিয়েছে পূবালী ব্যাংক। গত বছরের জন্য ব্যাংকটি মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৪ সালে ব্যাংকটি শেয়ারধারীদের সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে আগের বছরের তুলনায় লভ্যাংশ ৫ শতাংশ বেশি ঘোষণা করা হয়েছে।

দেশের বেসরকারি খাতের ব্যাংকগুলোর ঘোষিত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ সালে সর্বোচ্চ ২ হাজার ২৫১ কোটি টাকার নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে- সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ১ হাজার ৩২৪ কোটি টাকা। তৃতীয় ব্যাংক হিসাবে এবার পূবালী ব্যাংক হাজার কোটি টাকার নিট মুনাফার ক্লাবে যুক্ত হলো। ৯০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করে একই ক্লাবে যুক্ত হওয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা, প্রাইম ও ইস্টার্ন ব্যাংক।

পূবালী ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর ব্যাংকটির আমানতের প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি আর ঋণের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ শতাংশ; যেখানে দেশের ব্যাংক খাতে আমানত ও ঋণের গড় প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১১ ও ৬ শতাংশ। গত ৩১ ডিসেম্বর ব্যাংকটির আমানতের স্থিতি ৯৩ হাজার ৭০০ কোটি টাকায় উন্নীত হয়। একই সময়ে বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ৭২ হাজার কোটি টাকা। সে হিসাবে ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত (এডিআর) প্রায় ৭৪ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচিত হিসাব বছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩২ পয়সায়।