ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
ইমরান হোসেন

চট্টগ্রাম নগরের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার আর বেঁচে নেই। সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৪ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন সরদার। এ সময় ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য এগিয়ে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় সোমবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে সিএমপি।
নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। স্ত্রী ও এক সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন এই পুলিশ সদস্য।
আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা করতে গিয়ে আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন কনস্টেবল আল আমিন সরদার। তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
