টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।