মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন।

অভিযান চলাকালে নদীতে সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের পরিমাণ ৮ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারটিও জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সার ও ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।