দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে দুর্গম উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কোস্ট গার্ড নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত রোববার (১২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। চলমান প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কোস্ট গার্ডের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
