ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের কর্মসূচি

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২১:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চাকরি স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা। আজ ৮ জুলাই (বুধবার) দুপুর থেকে ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার এআই টেকনিশিয়ানরা অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া টেকনিশিয়ানরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করে চাকরি স্থায়ীকরণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন (এআই) কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের নিয়মিত সেবা দিয়ে আসলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় দায়িত্ব পালন করেও তারা চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এতে তাদের পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে।

সমাবেশে বক্তারা সরকারের কাছে দ্রুত চাকরি স্থায়ীকরণের দাবি জানান। তারা বলেন, মাঠপর্যায়ে দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করা এআই টেকনিশিয়ানদের যথাযথ মূল্যায়ন করে স্থায়ী নিয়োগ দেওয়া হলে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে এবং খামারিরাও উন্নত সেবা পাবেন।

এসময় বক্তারা আরও বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত সারা দেশের মাঠ পর্যায়ে গবাদি প্রাণির জাত উন্নয়নে ৫ হাজার ২৭২জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন সময় চাকরী স্থায়ী করণের প্রতিশ্রæতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। গত পহেলা জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতী অব্যহত থাকবে বলে অবস্থান ধর্মঘটে জানান বক্তারা।

এসময় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা, পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম বক্তব্য দেন।