ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) মাল্টিমিডিয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কসবা থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মাহফুজ মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর (শাপলা বাজার) এলাকার মো. মঞ্জরুল ইসলাম (২৮) এবং একই উপজেলার ধোপাগাছিনা (নাগলা বাজার) এলাকার মো. রিয়াজুল ইসলাম (২৯)।
অভিযানকালে তাদের দখল থেকে ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় মোট তিনজনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের পাশাপাশি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা গ্রামের রুহুল আমিন (৫৫) পলাতক রয়েছেন।
ঘটনায় কসবা থানায় এফআইআর নং-১৫ (তারিখ: ৭ জুলাই ২০২৬) এবং জি.আর. নং-২৮৭ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ।
আমার বার্তা/মোঃ জামশিদ মিয়া/এমই
